মনে রেখো, জেনে রাখো
একদিন মরে যাবো
উড়ে যাবো আকাশে
বিশ্বাসে, নিঃশ্বাসে
কেউ নেই
বুক খানি ফাঁকা সে।।
জুবা, সাউথ সুদান, আগস্ট ২৮, ২০২৩
তুই চাইলেই আমি যাই ভুলে
আমার সকল সীমাবদ্ধতা
পাড়ি দেই উত্তাল সমুদ্র তোকে সাথে নিয়ে
জয় করি আমার সকল অজেয় মাইলফলক।।
তোর স্পর্শে আমি প্রাণ ফিরে পাই
গেয়ে উঠি সুরেলা গান বেসুরা কণ্ঠে
তোর আবদারে নিই কিনে ভোগ্য জঞ্জাল।
আলিঙ্গন করি কন্টকাকীর্ণ ক্যকটাস।।
যদি ব্যথা পাস উঠিস কেঁদে
জানবি আছি পাশে- শাসনে-আদরে
তুই শুধু হেসে খেলে তুই হয়ে ওঠ
আমি ভালোবেসে চুমে দেবো ঠোঁট।।
১১/৩/২১
আমি তোর জন্য বাঁচি
আর নিজের জন্য রচি
কবিতা, অ-কবিতা, না-কবিতা
আমার সোনামনি ছোট্ট বেবিটা।।
চোখের কাজল ঠোঁটের দুষ্টু হাসি
অভিনয় আর অভিমান বড্ড ভালোবাসি
আদায় করা ভালোবেসে অন্যায় আবদার
তুই যে আমার ছোট্ট ঘরের মস্ত দফাদার।।
তোকে দেখে দেখি আমার শৈশব প্রতিচ্ছবি
তুই যে আমার সুখ দুখের জিয়ন-মরণ চাবি
সকাল দেখি সন্ধ্যা দেখি কান্না-হাসি মেখে
কেমনে ভালো থাকি তোকে ঘর-বন্দি রেখে।।
০৬/০৭/২০২১
শিকদার পাড়া, কক্সবাজার
অতপর বুঝলাম তুমি আমার নও
তুমি এক মরীচিকা, আলেয়া
আমার কবিতার মতো দূর্বোধ্য।
ইশ্বরও হয়তো বোঝে না তোমার মন
আমি তো কোথা ছাড়
তোমাকে বোঝার নেই কোন সাধ্য
তোমার মন এক অতল গভীর সাগর
আমি তো জানি না সাঁতার
ক্যামনে হবো ডুবুরি
খুঁজে আনবো তোমার
মনের কোনে লুকনো
সেই মহামূল্য রত্ন?
তাই ছেড়ে দিয়েছি তোমার আশা
তোমাকে জলাঞ্জলি দিয়েছি
প্রমত্তা উত্তাল সমুদ্রে।।